নিজস্ব প্রতিবেদক
আসন্ন নির্বাচনে কোন দলকে ভোট দেবেন— এ বিষয়ে এখনো সিদ্ধান্তহীন দেশের ৩০ শতাংশ তরুণ। আর ১৭ দশমিক ৭ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক।
বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাবনা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষা বোঝার লক্ষ্যে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) পরিচালনা করেছে ‘ইয়ুথ ম্যাটারস সার্ভে’। সেখানে এসব তথ্য উঠে আসে।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার বিওয়াইএলসি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সার্ভের ফলাফল প্রকাশ করা হয়।
১০ থেকে ২১ অক্টোবর পরিচালিত এই সার্ভে দেশের আটটি বিভাগ, ২৭টি জেলা এবং ১৭৫টি প্রাথমিক নমুনা ইউনিটে অনুষ্ঠিত হয়। এতে ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট দুই হাজার ৫৪৫ জন তরুণ অংশ নেন। বিওয়াইএলসি প্রতি পাঁচ বছর পরপর জাতীয় নির্বাচনের আগে এই সার্ভে পরিচালনা করে, যাতে তরুণদের ভাবনা ও প্রত্যাশা প্রতিফলিত হয়।
সার্ভের ফলাফলে দেখা যায়, বাংলাদেশের তরুণদের মধ্যে রাজনৈতিক বিভাজন স্পষ্ট। ১৯ দশমিক ৬ শতাংশ তরুণ বিএনপিকে, ১৬ দশমিক ৯ শতাংশ জামায়াতে ইসলামীকে, ৯ দশমিক ৫ শতাংশ আওয়ামী লীগকে এবং ৩ দশমিক ৬ শতাংশ ন্যাশনাল সিটিজেন পার্টিকে (এনসিপি) সমর্থন করেছেন। তবে ৩০ শতাংশ তরুণ এখনো সিদ্ধান্তহীন যে, আসন্ন নির্বাচনে তারা কোন দলকে ভোট দেবেন। আর ১৭ দশমিক ৭ শতাংশ তরুণ পছন্দের দলের নাম প্রকাশে অনিচ্ছুক।
ফলাফলে আরও দেখা যায়, ৮৯ শতাংশ উত্তরদাতা নিবন্ধিত ভোটার এবং ৯৭ দশমিক ২ শতাংশ আগামী নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক। ৪৯ দশমিক ৮ শতাংশ তরুণ জানিয়েছেন, তারা অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আত্মবিশ্বাসী। এছাড়া ৬৩ দশমিক ১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকারের সময় তারা জনসমক্ষে বা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশে বেশি নিরাপদ বোধ করেন।
অধিকাংশ তরুণ (৫২ দশমিক ৬ শতাংশ) মনে করেন, ছাত্ররাজনীতি শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায়সঙ্গত ও নির্বিঘ্ন কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলে। এর মধ্যে ৪৮ শতাংশ রাজনৈতিক প্রভাবকে, ২৩ দশমিক ৮ শতাংশ সহিংসতা ও সংঘর্ষকে এবং ১১ দশমিক ১ শতাংশ ক্ষমতা ও সম্পদের অপব্যবহারকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
আগামী পাঁচ বছরে দেশের অগ্রাধিকারের বিষয়ে প্রশ্নে ৬৭ দশমিক ১ শতাংশ তরুণ দুর্নীতি নির্মূলকেই বাংলাদেশের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। সামাজিক সম্প্রীতি বিষয়ে জানতে চাইলে ৬৫ দশমিক ৩ শতাংশ তরুণ জানিয়েছেন, ধর্ম ও জাতিগত দিক থেকে বাংলাদেশে এখনও সম্প্রীতি বজায় আছে। তবে ৭৬ শতাংশ তরুণ মনে করেন, বর্তমান সময়ে বাংলাদেশে নারীরা নিরাপদ নন, যা স্থায়ী লিঙ্গভিত্তিক অনিরাপত্তার উদ্বেগজনক চিত্র তুলে ধরে এবং তাৎক্ষণিক নীতিগত মনোযোগ দাবি করে।
ভবিষ্যৎ আকাঙ্ক্ষার বিষয়ে ৩৯ দশমিক ১ শতাংশ তরুণ উদ্যোক্তা হিসেবে নিজেদের ক্যারিয়ার গড়তে আগ্রহী। আর ১৮ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তারা ভবিষ্যতে বিদেশে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন। এর পেছনে প্রধান কারণ কর্মসংস্থানের সীমিত সুযোগ ও সামাজিক-রাজনৈতিক চ্যালেঞ্জ। অন্যদিকে ৫৯ দশমিক ৬ শতাংশ তরুণ মনে করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য বাংলাদেশের বাস্তবতা সঠিকভাবে উপস্থাপন করে না।
এইসব চ্যালেঞ্জ সত্ত্বেও তরুণদের মাঝে আশাবাদ লক্ষ্য করা গেছে। ৬১ দশমিক ৭ শতাংশ তরুণ বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক ও আশাবাদী মনোভাব প্রকাশ করেছেন—যা তাদের দৃঢ়তা, আশা ও দেশের অগ্রগতিতে বিশ্বাসের প্রতিফলন।
ভয়েস ফর রিফর্মের সহসমন্বয়ক ফাহিম মাশরুর বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়ছে। প্রায় ৪০ শতাংশ তরুণ উদ্যোক্তা হতে চায়। এর পেছনে বড় কারণ চাকরির বাজারে যথেষ্ট সুযোগ না থাকা। অনেকে বাধ্য হয়েই উদ্যোক্তা হতে চায়। তবে উদ্যোক্তা হওয়ার জন্য যে প্রস্তুতি বা প্রশিক্ষণ দরকার, তা শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পাওয়া যায় না।
বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার বলেন, বাংলাদেশের তরুণদের মধ্যে নানা ভাবনা কাজ করে। তারা শিক্ষা নিয়ে ভাবে, জীবিকা নিয়ে ভাবে, তাদের রাজনৈতিক ভাবনাও আছে। নানা বিষয়ে তারা হতাশায় ভোগে। কিন্তু তা সত্ত্বেও দেশের ৬১ দশমিক ৭ শতাংশ তরুণ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ও ইতিবাচক— বিওয়াইএলসির এই জরিপে সেটিই উঠে এসেছে।
বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ বলেন, প্রতিষ্ঠার পর থেকেই বিওয়াইএলসি তরুণদের নিয়ে কাজ করে আসছে। দেশ ও সমাজ গড়ে তোলার ভূমিকায় তরুণদের সম্পৃক্ততা এবং তাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সমীক্ষা দেখায়, বাংলাদেশের তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন, সামাজিকভাবে জাগ্রত এবং দেশের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবছে। তরুণরা তাদের আকাঙ্ক্ষা ও আশঙ্কার কথা বলেছেন এবং তারা অনিশ্চয়তার মধ্যেও অনেক আশাবাদী। তাদের কথা শোনা, সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়ায় যুক্ত করা এবং তাদের উপযোগী নীতিনির্ধারণ এখন ভীষণ জরুরি।
বিওয়াইএলসির সিনিয়র এক্সিকিউটিভ জান্নাতুল মাওয়া বলেন, আগামী দিনে যারা রাষ্ট্রক্ষমতায় আসবেন বা নীতিনির্ধারণী পর্যায়ে থাকবেন, তাদের প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থা ফেরানোর দিকে মনোযোগ দেওয়া খুবই জরুরি।
বিওয়াইএলসির লিড ফ্যাকাল্টি মুনিরা সুলতানা বলেন, আমাদের দেশের তরুণদের মধ্যে সুন্দর ভবিষ্যৎ গড়ার ক্ষমতা আছে। তাদের শুধু সঠিক দক্ষতা অর্জন করতে হবে এবং উন্নতির সুযোগগুলো কাজে লাগাতে হবে।


