বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত : বিক্রম মিশ্রি

নিউজ ডেস্ক

বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত। একইস‌ঙ্গে বাংলা‌দে‌শের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জা‌নিয়ে‌ছে দি‌ল্লি।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কা‌লে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি এসব কথা জানান।

বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন দেখতে আগ্রহী ভারত, যেখানে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত। আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে যারাই ক্ষমতায় আসুক তাদের সঙ্গেই গভীর সম্পর্ক রাখতে আগ্রহী ভারত।

ভারত আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে পুনর্বহাল করার চেষ্টা করছে কি না জানতে চাইলে বিক্রম মিশ্রি বলেন, আমরা কেবল বাংলাদেশে আগামী নির্বাচনের পক্ষে, যাতে বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকারের কাছে তাদের আকাঙ্ক্ষা প্রতিফলনের সুযোগ পায়।

মতবিনিময়কালে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) বি. শ্যাম, ডিকাব সভাপতি একেএম মঈনুদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান মামুন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভারত সরকারের আমন্ত্রণে ডিকাব-এর ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল বর্তমানে ভারত সফর করছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ ব্যাংক থেকে ১০ কোটি ৪০ লাখ ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক
পরবর্তী নিবন্ধশিক্ষকদের বাড়ি ভাড়া ও ভাতা বাড়াতে নতুন প্রস্তাব