নিজস্ব প্রতিবেদক
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে ৯৬ জন মারা গেছে।
রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হামে মারা গেছে চার শিশু। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম-সংক্রান্ত রোগে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।
এছাড়া নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের। ফলে এখন পর্যন্ত এমন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ২৯৫ জন। একই সঙ্গে নতুন করে সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে এক হাজার ২২ জন। এনিয়ে এমন রোগীর সংখ্যা এখন পর্যন্ত পৌঁছেছে এক লাখ ৩০ হাজার ৮৩ জনে।


