হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আজিমপুরের দায়রা শরীফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাসাটি ঘিরে রাখতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান বলেন, দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান চালানো শুরু করেছে যৌথ বাহিনী, এমন তথ্য জানতে পেরেছি। এ ব্যাপারে আর কোনো তথ্য আমাদের কাছে নেই।

অভিযান সূত্র এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরেকটি সূত্রে জানা যায়, হাজী সেলিমের বাড়িটির আন্ডারগ্রাউন্ড (ভূগর্ভস্থ) পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ভবনের ম্যানেজারকে আটক করা হয়েছে।

জানা যায়, গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই বাড়িটিতে যেসব গাড়ি পাওয়া গেছে, তারমধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি রয়েছে। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার
পরবর্তী নিবন্ধ‘ব্যালট পেপার ছাপানোর স্থান বা সংখ্যা সুষ্ঠু ভোটকে প্রভাবিত করে না’