হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে বাণিজ্যিক এই জলপথে চলাচলকারী পণ্যবাহী বেসামরিক জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের যে ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা প্রত্যাহার করেছেন তিনি।
গতকাল নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। ট্রুথ সোশ্যাল পোস্টে মার্কিনস প্রেসিডেন্ট আরও বলেছেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলো প্রতিশ্রুতি দিয়েছে যে ট্রাম্প যদি হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচল বাবদ টোল আদায় করা থেকে বিরত থাকে— তাহলে নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বাণিজ্য বয়ে আনবে উপসাগরীয় দেশগুলো।
এই প্রতিশ্রুতির পরেই হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি।এ আগে ১৩ জুলাই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালির অভিভাবক হিসেবে প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে নিরাপত্তা ও সুরক্ষা দেবে মার্কিন নৌবাহিনী এবং এতে যে ব্যয় হবে— তা পূরণ করা হবে প্রণালিতে চলাচলকারী পণ্যবাহী জাহাজগুলো থেকে ২০ শতাংশ হারে টোল আদায়ের মাধ্যমে।
এই ঘোষণা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সিদ্ধান্ত থেকে সরে গেলেন ট্রাম্প। ১৪ জুলাই ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, “মধ্যপ্রাচ্যের (উপসাগরীয় অঞ্চলের) নেতৃবৃন্দের সঙ্গে খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকের পর আমি হরমুজ থেকে টোল আদায় না করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে শিগগিরই মধ্যপ্রাচ্য থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ এবং বাণিজ্য যুক্তরাষ্ট্রে আসবে। মধ্যপ্রাচ্যের নেতারা আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন।”


