সরকার-দল আলাদা পথেই চলবে, শিগগিরই কাউন্সিল: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

শিগগিরই বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপির কাউন্সিল এই বছরের মধ্যেই। তবে এখনো আমরা সময় নির্ধারণ করিনি। কিন্তু আমার মনে হয় শিগগিরই হবে কাউন্সিল।’

বুধবার (১৮ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। বিএনপির সর্বশেষ কাউন্সিল হয়েছিল ২০১৬ সালে।

বিএনপি মহাসচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল—সরকার গঠনের পর সরকার ও দল এক হয়ে গেছে কিনা। দলের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে।

জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘দলের (বিএনপির) কার্যক্রম তো চলছে, ছোটখাটোভাবে তো চলেছে। একমাস সরকার গঠন করতে তো সময় লেগেছে। দলের লোক বেশিরভাগই সরকারে চলে গেছেন। সেই জায়গাগুলোতে সময় লাগবে। এটা বিচ্ছিন্ন ব্যাপার না। এটা আলাদা করে দেখা যাবে না। সরকার তার কাজ করবে, দল তার কাজ করবে।’

গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠানে দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা, জাতীয় সংসদের কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, সরকারের সফলতা, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ, অর্থনৈতিক অবস্থাসহ বিভিন্ন প্রশ্নের খোলামেলা জবাব দেন বিএনপি মহাসচিব।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গুলশানের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এই অনানুষ্ঠানিক মতবিনিময় করলেন মির্জা ফখরুল।

পূর্ববর্তী নিবন্ধব্যাংকের যেসব শাখা খোলা থাকবে আজ