নিজস্ব প্রতিবেদক
সরকারের কার্যক্রম নিয়ে অর্থনীতিবিদদের ঢালাও সমালোচনা প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অর্থনীতিবিদ যারা কিছুই (সরকারের উন্নয়ন) দেখেন না; দেখতে দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি লাগে। না চাইলে তো দেখতে পারবেন না।
এ সময় সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্য প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান অর্থ উপদেষ্টা।
সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদর দপ্তরে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, ভ্যাট ও কাস্টমস সংক্রান্ত যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো গণমাধ্যমের সামনে তুলে ধরা ও ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করে এনবিআর।
সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আক্তার মালা।
অর্থনীতিবিদদের উদ্দেশে অর্থ উপদেষ্টা বলেন, আমাদের জুনিয়র অর্থনীতিবিদরা, তারা নাকি কিছুই দেখেন না। আমি তাদের সবাইকে চিনি। ৭০ সাল থেকে শিক্ষকতা করি, সবাই আমার ছাত্র। যারা অর্থনীতিবিদ কিছুই দেখেন না; দেখতে দৃষ্টি লাগে। অন্তর্দৃষ্টি লাগে। যদি দেখতে না চান, দেখতে পারবেন না।
অর্থ উপদেষ্টা আরও বলেন, আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে উৎসাহ দিলে ভালো লাগে। যা হোক, আপনাদের স্বাধীনতা আছে- আপনারা বলতে পারেন।
অনলাইনে আয়কর রিটার্ন দেওয়ার বিষয়টি গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান তিনি। এছাড়া সরকারের সমালোচনার পাশাপাশি সাফল্যও প্রচার করতে বলেন অর্থ উপদেষ্টা।


