আন্তর্জাতিক ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলার পর ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’-এর অভিযোগ তুলে আবারও হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার পর প্রথমে প্রণালিতে জাহাজ চলাচল ধীর হয়ে আসে, পরে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনট্রাফিকের তথ্য অনুযায়ী, বর্তমানে হরমুজ প্রণালিতে কোনো জাহাজ চলাচল করছে না।
এর আগে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর প্রণালিতে সীমিতভাবে জাহাজ চলাচল শুরু হয়েছিল বলে জানা যায়।
আইআরজিসি দাবি করেছে, যুদ্ধবিরতি চুক্তির একটি গুরুত্বপূর্ণ দিক হলো—হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখা। তাদের ভাষ্য অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্পও এই বাস্তবতা মেনে নিয়েছেন।
আইআরজিসি জানায়, দিনের শুরুতে ইরানের মালিকানাধীন দুটি তেলবাহী জাহাজ এবং চীনের একটি জাহাজ নিরাপদে প্রণালি অতিক্রম করে। তবে এরপর আর কোনো জাহাজ চলাচল করেনি।
এদিন লেবাননে ইসরায়েলের বড় আকারের হামলার কয়েক মিনিটের মধ্যেই সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি রাত ১০টার দিকে প্রণালি অতিক্রম করার কথা ছিল এমন একটি জাহাজও মাঝপথ থেকে ফিরে যায়।


