লিবিয়া থেকে ফিরলেন ৩০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। তাদের অনেকেই অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে সেখানে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

এসব বাংলাদেশি ত্রিপোলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, লিবিয়া সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সমন্বিত উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়।

ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় অবস্থানকালে অপহরণ ও নির্যাতনের শিকার হন।

ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তাদের দুর্ভোগের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইওএমর পক্ষ থেকে ফেরত আসা প্রত্যেককে পথখরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসাসহায়তা দেওয়া হয়।

লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনো আটক থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আইওএম একসঙ্গে কাজ করছে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাসে তীব্র নিন্দা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধতারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন, আশা সালাহউদ্দিনের