নিজস্ব প্রতিবেদক
আগামীকাল রোববারের (৮ ফেব্রুয়ারি) মধ্যে হজযাত্রীদের কোরবানির (আদাহি) ও সব পরিবহন সংক্রান্ত খরচ পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যে অর্থ পরিশোধ না করলে ভিসা প্রক্রিয়ায় জটিলতার আশঙ্কা রয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর সভাপতি/মহাসচিব ও ৩০ টি লিড এজেন্সির মালিকদের কাছে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এর আগে এ বিষয়ে তাগিদ দিয়ে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিস ধর্ম সচিবের কাছে চিঠি পাঠায়।
ধর্ম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, সৌদি আরবে আগত হজযাত্রীদের কোরবানি (আদাহি) সংক্রান্ত পেমেন্ট এবং মাশায়ের ট্রান্সপোর্টসহ সব পরিবহন ব্যবস্থাপনার যাবতীয় ব্যয় আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে সম্পন্ন করা অত্যন্ত জরুরি বলে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক অবহিত করা হয়েছে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোরবানির পেমেন্ট এবং পরিবহন সংক্রান্ত সব অর্থ পরিশোধ না করা হয়, তাহলে সংশ্লিষ্ট হাজীদের ভিসা প্রক্রিয়াকরণে জটিলতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায়, সব হজ এজেন্সির মালিক/মোনাজ্জেমদের ৮ ফেব্রুয়ারির মধ্যে হজযাত্রীদের কোরবানি (আদাহি) পেমেন্ট এবং মাশায়ের ট্রান্সপোর্টসহ সব পরিবহন সংক্রান্ত ব্যয় পরিশোধ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এজেন্সিগুলোকে নির্দেশনা দেয় ধর্ম মন্ত্রণালয়।


