রাষ্ট্রবিরোধী চক্রান্ত: সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

সরকার ও রাষ্ট্রবিরোধী চক্রান্ত, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে পল্লবী থানার মামলায় গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১২ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন- লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরা (৪৩) ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ (৪৭)।

এদিন বিকেলে আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ।

আবেদনে বলা হয়, আসামিরা পল্লবীর একটি বাসায় অবস্থান করে ‘Bangladesh Awami League Supporters Alpha # 1’ এবং ‘BBM Transparency’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে রাষ্ট্রবিরোধী ও সহিংস উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি করে প্রচার করছিলেন।

এছাড়া তারা ‘Unity Care’ ও ‘Public Parliament’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য পলাতক শীর্ষ নেতাদের যোগসাজশে আওয়ামী লীগের পুনরুত্থান ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

একই সঙ্গে ‘কালআজকাল.কম’ নামের ফেসবুক পেজ ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে আসছিলেন।
তাই ঘটনার মূল রহস্য উদঘাটন ও সহযোগীদের গ্রেপ্তারে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আসামিপক্ষে আইনজীবী আব্দুল্লাহ আল মুনসুর রিপন রিমান্ড বাতিলসহ জামিন আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনে ডিবি পুলিশের পল্লবী জোনাল টিমের পরিদর্শক আলী আকবর বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধপুলিশ কর্মকর্তার ছেলে তাইমকে হত্যা করে পুলিশেরই ৩ সদস্য’