রাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জেলা প্রতিনিধি

শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

এর আগে থেকেই কেন্দ্রের সামনে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন ভোটাররা। দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচন হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসব আমেজ বিরাজ করছে।

নির্বাচনের জন্য সকালেই কেন্দ্রগুলোতে ব্যালট বাক্স পাঠানো হয়। এদিন সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়। এসময় প্রিজাইডিং অফিসারদের কাছে, হালনাগাদ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বক্স, ওএমআর যুক্ত ব্যালট পেপার, অমোচনীয় কালীসহ অন্যান্য নির্বাচন সামগ্রী বিতরণ করা হয়।

রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ। মোট ৮৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় রাকসুর ২৩ পদে ৩০৫ জন, সিনেটের ৫ পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫ পদে ৫৫৫ জন প্রার্থী লড়াই করছেন।

ভোটগ্রহণ হবে ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে। ভোট পরিচালনায় থাকবেন ২১২ জন শিক্ষক। এর মধ্যে ১৭ জন প্রিসাইডিং অফিসার এবং বাকিরা সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া ৯১ জন পোলিং অফিসার দায়িত্বে থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর ২৬ পদের মধ্যে ২৪টিতে বিজয়ী শিবির
পরবর্তী নিবন্ধবাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন রোধে পদক্ষেপ নিতে জাতিসংঘের আহ্বান