যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায় : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা বলতে চাই, যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা মূলত ফ্যাসিবাদী কাঠামোয় থেকে যেতে চান।

বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের তৃতীয় বৈঠকের বিরতিতে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল এনসিসি গঠনের বিপক্ষে মতামত দিয়েছে। আমরা মনে করি যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা মূলত একটি ফ্যাসিবাদী কাঠামোর মধ্যেই থেকে যেতে চান।

তিনি জানান, এনসিপি শুরু থেকেই এনসিসি গঠনের প্রস্তাবকে সমর্থন দিয়ে এসেছে। তবে গঠনের কাঠামো ও প্রক্রিয়া নিয়ে কিছু গঠনমূলক মতভেদ রয়েছে। বিশেষ করে— রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতিকে এনসিসির বাইরে রাখার পক্ষে মত দেন তিনি। আবার, এনসিসির অধীনে সশস্ত্র বাহিনীর প্রধান নিয়োগের ক্ষমতা না রাখার পক্ষেও তিনি অবস্থান নেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাহী বিভাগের অসম ক্ষমতা হ্রাস করতেই আমাদের নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এনসিসি গঠন হবে সেই ক্ষমতার ভারসাম্য রক্ষার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি আরও বলেন, এনসিসি গঠনের বিরোধিতাকারী দলগুলোকে কেবল না বলার চেয়ে বিকল্প প্রস্তাব তুলে ধরার আহ্বান জানাচ্ছি।

এ সময় নাহিদ ইসলাম দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, মানবাধিকার কমিশন থাকার পরও বিগত ১৬ বছরে তারা জনগণের পক্ষে কোনো কথা বলেনি। একইভাবে একটি দল ও ব্যক্তির আজ্ঞাবহে পরিণত হওয়ায়, দুদক ও নির্বাচন কমিশনও বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে সহায়তার কথা বিবেচনাতেও না আনে: রাশিয়া
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১২ জন হাসপাতালে ভর্তি