নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কুতবখালি পকেট গেট চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাহ আলম (২৮) নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তিনি যাত্রাবাড়ী থানায় কর্মরত আছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
আহত পুলিশ সদস্য শাহ আলম জানান, ঘটনার সময় আমি যাত্রাবাড়ী কুতুবখালী পকেট গেটে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলাম। এ সময় দুজন অজ্ঞাত ব্যক্তির কাছে দুটি ব্যাগ ছিল। আমি সেটি তল্লাশি করতে চাইলে কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে আমার ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে আমার সহকর্মীরা আমাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ বিকেল পৌনে পাঁচটার দিকে ঘাড়ে জখম অবস্থায় ওই পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


