দেলোয়ার হোসেন (মুকসুদপুর) গোপালগঞ্জ প্রতিনিধি

ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায় পানি সংকটে মাঠেই শুকিয়ে যাচ্ছে পাট – পানি ওকিষান সংকটে বিপদে চাষিরা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাটচাষিরা। উপজেলার হাজার হাজার বিঘা জমির পাট কেটে ঠিকমতো জাগ দিতে না পারায় তারা দিশাহারা হয়ে পড়েছেন। অনেক জমির পাট কাটার পর মাঠেই শুকিয়ে যাচ্ছে। পানি সংকটের কারণে একদিকে যেমন খরচ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে পাট জাগ দেওয়া নিয়ে বিপাকে পড়েছেন পাটচাষিরা।
সরেজমিনে গিয়ে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে জানা যায়, আষাঢ় শেষ শ্রাবণের সপ্তাহ পার বর্ষার ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায় কৃষক পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না। বর্ষাকালে খাল-বিল, নদী-নালা বৃষ্টির পানিতে কানায়-কানায় ভরে যায়। কিন্তু এবার বর্ষা নামলেও তা যথেষ্ট না হওয়ায় এমন অবস্থার মধ্যে পড়তে হয়েছে পাটচাষিদের। স্যালো মেশিন দিয়ে পানি উঠিয়ে কেউ কেউ ডোবা-নালায় পাট জাগ দিচ্ছে। কেউ কেউ অন্যের পুকুর ভাড়া নিয়ে পাট জাগ দিচ্ছে। তবে পানি সংকটের কারণে এখনো হাজার হাজার বিঘা জমির পাট কাটার পর মাঠেই পড়ে আছে।
আবার পাট কাটার পর চাষিরা নশিমনে গাড়ি বা আটোভ্যান করে পানি সমৃদ্ধ এলাকায় নিয়ে যাচ্ছে প্যাঁচানোর জন্য পাট জাগ দিতে। অনেক কৃষক বাধ্য হয়ে শ্যালো মেশিন ও মোটরের পানি দিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ করছেন।
পুরুষ মানুষ পাটকাটা এবং জাগ দেওয়ার কাজে ব্যস্ত থাকলেও গ্রামের মহিলারা খড়ি থেকে আঁশ আলাদা করার কাজে সহযোগী হিসেবে কাজ করছে। বিঘাপ্রতি (৫২) শতাংশ জমির পাট কাটতে এবং পাটের বোঝা মাথায় করে রাস্তায় উঠানোর মজুরি নিচ্ছে ১০ থেকে ১২ হাজার টাকা। সেচনির্ভর পাটবোনা থেকে ফসল ঘরে উঠানো পর্যন্ত ২৫/৩০ হাজার টাকা খরচ হচ্ছে বলে জানান কৃষকরা।
অন্যদিকে ফলন ভালো হলে বিঘাপ্রতি ১২ মণ ও ফলন খারাপ হলে প্রকারভেদে ৭ মণ করে পাট উৎপাদন হয়েছে বলে জানান কৃষকরা, যা বর্তমান বাজারে ৩ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি করে নিরাশ হচ্ছে কৃষক। আবার পাঠকাঠির রয়েছে বাজারে ব্যাপক চাহিদা। পাটকাঠি থেকেও ভালো টাকা পেয়ে থাকেন কৃষক।
উপজেলার মাঠপাড়া গ্রামের কৃষক মস্তফা শেখ বলেন, এবার ঠিকমতো বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে বিপাকে পড়েছি। আমার জমির অনেক কাটা পাট জমিতেই শুকিয়ে যাচ্ছে।
উপজেলার কদমপুর গ্রামের কৃষক বাচ্ছু শেখ বলেন, এবার ৩ বিঘা জমিতে পাট চাষ করেছি। ফলন আশানুরূপ হলেও পাটবীজ বোনা থেকে শুরু করে ঘরে তুলতে যা খরচ হচ্ছে তাতে কষ্টই বৃথা। তারপর আবার বৃষ্টি না হওয়ায় পাট জাগ দিতে হিমশিম খাচ্ছি। পানি সংকটের কারণে আমি ২ বিঘা জমির পাট এখনো জাগ দিতে পারিনি বেলা খাবার ৯০০টাকা দিয়ে কামলা পাওয়া যাচ্ছে না ।
মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা বাহাউদ্দিন শেখ বলেন, হিসাব মতে এবার প্রায় ৯ হাজার ৫১৯ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। উপজেলায় এবার পাট ভালো হয়েছে। তবে ঠিকমতো বৃষ্টি না হওয়ায় পাট জাগ দেওয়া নিয়ে কৃষক বিপাকে পড়েছেন।


