মুকসুদপুরে নিখোঁজের চার মাস পর যুবকের গলিত মরদেহ উদ্ধার

মেহের মামুন, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের চার মাস পর একটি পুকুরের কচুরীপানার মধ্য থেকে তৌহিদুল ইসলাম মোল্যা (৩০) নামের এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৬ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার ভাকুড়ী গ্রামের সুমন মন্ডলের পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদুল মোল্যা উপজেলার লতিফপুর গ্রামের আক্তার আলী মোল্লার ছেলে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মাছ ধরতে বাড়ী থেকে বের হন তৌহিদুল মোল্যা। এরপর থেকে সে আর বাড়ীতে ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান পায়নি পরিবারের লোকজন। এ ব্যাপারে পরিবারের লোকজন মুকসুদপুর থানায় একটি সাধারন ডায়েরী করলে সাকিব শেখ নামের একজনকে গ্রেফতার করে পুলিশ।

সোমবার দুপুরে সুমন নামের এক ব্যাক্তি ওই পুকুর পরিস্কার করতে গেলে কচুরীপানার মধ্যে গলিত মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, পরিবারের লোকজন মরদেহটি তৌহিদুল মোল্যার বলে শনাক্ত করে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে ভর্তিতে লটারি থাকছে না: শিক্ষামন্ত্রী