মেহের মামুন, উপজেলা প্রতিনিধি, মুকসুদপুর (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে বাড়ির মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন—দিগনগর গ্রামের মুন্না ফকির (২০), পিতা তারা ফকির এবং হাসিব ফকির (১৯), পিতা মৃত আসলাম ফকির। স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাতে মুন্না ও হাসিব ডাব চুরি করতে মোয়াজ্জেম শিকদারের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক তাদের ধরে ফেলেন।
এসময় দুইজন মিলে তাকে কিল-ঘুষি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, ঘটনার পর স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। গ্রেপ্তারকৃতদের গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


