মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৬২ প্রবাসী আটক

নিউজ ডেস্ক

মালয়েশিয়ার জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ পরিচালিত অভিযানে বিভিন্ন দেশের ৬২ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে রয়েছেন, মিয়ানমারের ৩০, ইন্দোনেশিয়া ৫, বাংলাদেশ ৩, ভারত ২, নেপাল ১, শ্রীলঙ্কা ১, মিয়ানমার ১৪ নারী, ইন্দোনেশিয়ার ৩, ভিয়েতনামের ২ নারী এবং মিয়ানমারের একজন শিশু নাগরিক।

রাতে শহরের দুটি ভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে অবৈধভাবে কর্মরত বিদেশিদের শনাক্ত করা হয়।

জোহর ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস এক বিবৃতিতে জানান, স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৭টা থেকে অভিযান শুরু হয়। সন্দেহভাজন দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়, যেখানে বিদেশি শ্রমিকদের বৈধ অনুমতি ছাড়া কাজ করার অভিযোগ ছিল।

তিনি জানান, অভিযানটি পরিচালনা করে ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ইউনিট, যার সঙ্গে সহযোগিতা করে মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির সুলতান ইস্কান্দার ভবনের টিম।

মোট ১৪৩ জনের পরিচয় যাচাইয়ের পর ৬২ জনকে আটক করা হয়, যাদের বয়স তিন থেকে ৫০ বছরের মধ্যে।

মোহাম্মদ রুসদি বলেন, আটকদের বিরুদ্ধে বিভিন্ন ইমিগ্রেশন অপরাধের অভিযোগ আনা হয়েছে, যার মধ্যে রয়েছে— বৈধ ভ্রমণ নথি না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং ভিসা অপব্যবহার করে অবৈধভাবে কাজ করা।

পূর্ববর্তী নিবন্ধহজ নিবন্ধন শেষ হচ্ছে মধ্যরাতে, সময় বাড়বে কি না জানা যাবে কাল
পরবর্তী নিবন্ধমধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ