ভোট সুষ্ঠু হলে আমরাও মানবো অন্যদেরকেও মানতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

ভোট শান্তিপূর্ণ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এই প্রত্যাশা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এর আগে সকাল ৮টা ২৮ মিনিটে জামায়াতের আমির মনিপুর বালক উচ্চ বিদ্যালয় ও কলেজে ভোট দিতে যান।

ভোট দেওয়ার পরে জামায়াত আমির বলেন, জাতি এই ভোটের অনেক অপেক্ষায় ছিল। বিশেষ করে যুব সমাজ। ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক এটা আমরা দোয়া করি। এই ভোটের মাধ্যমে, দেশে এমন সরকার গঠিত হোক, যে সরকার কোনো ব্যক্তি, পরিবার কিংবা দলের হবে না। বরং যে সরকার হবে ১৮ কোটি মানুষের। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী।

শফিকুর বলেন, আজকে ভোট দিয়ে এখান থেকে শুরু করলাম। পরবর্তীতে অন্যান্য কেন্দ্রে যাবো। আমি আপনাদের সবার সহযোগিতা চাই। আমাদের সবাইকে দেশটা গড়তে হবে।

শফিকুর রহমান বলেন, আমরা ছোটখাটো বিষয় এড়িয়ে যাবো, অবশ্যই বড় কোনো বিষয় হলে ছাড় দেবো না। মানুষের ভোটের অধিকার হারিয়ে যাক যেটা আমরা কোনোভাবে চাই না।

তিনি বলেন, ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আমরাও মানবো অন্যদেরকে মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, আমরা এটাই চাই।

পূর্ববর্তী নিবন্ধভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে নির্ধারণ করবে আজকের নির্বাচন: ফখরুল
পরবর্তী নিবন্ধজয়লাভ করলে প্রাধান্য পাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন : তারেক রহমান