নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠেয় কমিশন সভার পরে ওই সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট হতে যাওয়ায় ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর পরিকল্পনা করছে ইসি। সেইসঙ্গে ভোটকক্ষে থাকা গোপনকক্ষ দ্বিগুণ করার ভাবনা রয়েছে। এ বিষয়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) অনুষ্ঠেয় কমিশন সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার ক্ষণগণনা চলছে। সব ধরনের প্রস্তুতি শেষের মধ্যে রোববার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সভায় বসবে। এদিনই সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময়, বাছাই, প্রত্যাহারের শেষ সময় ও ভোটের দিন নির্ধারণ চূড়ান্ত করতে চায় ইসি। এরপরই আনুষ্ঠানিকতা সেরে সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।


