নিউজ ডেস্ক
রাজধানী ঢাকাকে ঘিরে থাকা মারাত্মক ভূমিকম্পজনিত ঝুঁকির মুখে কঠোর এবং জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ নগর পরিকল্পনাবিদ ও প্রকৌশলীরা।
তারা অবিলম্বে দক্ষ প্রকৌশলী দ্বারা ঝুঁকিপূর্ণ ভবনের ‘র্যাক্টিফিকেশন’ (কাঠামোগত সংস্কার) কাজ শুরু করার এবং অপরিকল্পিত নগরায়ন সরকারের নতুন পরিকল্পনায় সিসমিক মাইক্রোজোনেশন ম্যাপকে সমন্বয় করার জোরালো দাবি তুলেছেন।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, জলাভূমি ভরাট করে এবং বৈজ্ঞানিক দূরত্ব (সেফটি ডিস্টেন্স) না মেনে তৈরি করা ভবনগুলো ভূমিকম্পের সময় লিকুইডফেকশনের কারণে ধসে পড়ার মারাত্মক ঝুঁকিতে রয়েছে।
তাদের এই পরামর্শের প্রেক্ষিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণার পাশাপাশি দ্রুত একটি ভূমিকম্প রেজিলিয়েন্স ট্রাস্ট গঠন এবং পুরো রাজধানীর ঝুঁকি মূল্যায়ন (অ্যাসেসমেন্ট) কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত ‘ভূমিকম্প ঝুঁকি হ্রাসে প্রস্তুতি ও করণীয়’ শীর্ষক সেমিনারে এই দাবি ও প্রতিশ্রুতি উঠে আসে।
সেমিনারে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম প্রমুখ।
ভবন র্যাক্টিফিকেশন ও প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে সেমিনারে বুয়েটের প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. তানজীল বলেন, ভূমিকম্পে আমাদের তেমন করণীয় কিছু নেই। কিন্তু আমরা প্রস্তুতি নিতে পারি। এর জন্য একটি ভবনকে যদি ভূমিকম্প সহনশীল করতে হয় তাহলে তার কাজ শুরু করার আগে শুধু ভিজিবল অ্যাসিস্ট করতেই ১০ থেকে ১৫ দিন সময় লাগবে কমপক্ষে। পরে এর কাজ করতে আরও ছয় মাস থেকে এক বছরের বেশি সময় লাগতে পারে। তবে এই কাজ কিন্তু যে কাউকে দিয়ে করানো যাবে না। অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজটি করতে হবে।
তিনি বলেন, ভবন র্যাক্টিফায়িংয়ের কাজ আমাদের অনেক আগেই করার প্রয়োজন ছিল। তবে যেহেতু এখন এটি নিয়ে জনমনে আতংক বিরাজ করছে, তাই এই ভূমিকম্পে আগে যে ভবনগুলো ড্যামেজ হয়েছে সেগুলো আগে র্যাক্টিফায়িং করতে হবে। এর জন্য স্টেকহোল্ডারদের নিয়ে আমাদের বসতে হবে। তারপর বাকি ঝুঁকিপূর্ণ ভবনগুলো র্যাক্টিফায়িংয়ের ব্যবস্থা করতে হবে।
বুয়েটের এই অধ্যাপক বলেন, শুধু ভবন র্যাক্টিফায়িং করলেই হবে না। ভবন নির্মাণের শুরু থেকে আমাদের এর প্রতি মনোযোগী হতে হবে। কারণ অনেক সময় নির্মাণ ত্রুটি থাকতে পারে, যার ফলে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে। শুধু ভবন র্যাক্টিফিকেশন নয়, প্রাথমিক শেলটার, চিকিৎসা ও ভূমিকম্প-পরবর্তী ব্যবস্থাপনার মতো পুরো ইকোসিস্টেম ঠিক করতে হবে।
নগর পরিকল্পনায় চারটি মৌলিক দুর্বলতা তুলে ধরে সেমিনারে নগর পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান বলেন, জলাশয়, প্লাবনভূমি ভরাট করে এবং বৈজ্ঞানিক সেট ব্রেক (সেফটি ডিস্টেন্স) না মেনে তৈরি করা বহুতল ভবনগুলো ভূমিকম্পের সময় মারাত্মক ঝুঁকি সৃষ্টি করেছে। অবিলম্বে এ সংক্রান্ত নতুন পরিকল্পনার গেজেট প্রকাশ বন্ধ করে সিসমিক মাইক্রোজোনেশন ম্যাপের সঙ্গে একে সমন্বয় করতে হবে।
তিনি তার বক্তব্যে দেশের ভবন এবং নগর নিরাপত্তার ক্ষেত্রে চারটি মৌলিক দুর্বলতা তুলে ধরেছেন এবং এর সমাধানে পদক্ষেপ নেওয়ার জন্য জোর দিয়েছেন। তিনি বলেন, প্রথমত ২০ বছর ধরেও একটি কার্যকর বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করা যায়নি, যা সারা দেশে ভবনের নির্মাণ কাজ তদারকি করবে।


