নিজস্ব প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাতের অবদান, বর্তমান প্রেক্ষাপট ও করণীয় নিয়ে সম্মেলন করতে যাচ্ছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
১৫ জুলাই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এই সম্মেলন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার এফবিসিসিআই’র অধিভুক্ত সব চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রধানদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে দেশের বেসরকারি খাত। দেশের ৮২ ভাগ ব্যবসা-বাণিজ্য আসে বেসরকারি খাত থেকে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি খাত কী ভূমিকা রাখবে সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে এই সম্মেলনে।
এসময় তিনি বলেন, করোনাকালীন সৃষ্ট সংকট অনেকখানি কাটিয়ে ওঠা গেলেও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে বাংলাদেশসহ সারা বিশ্বের অর্থনীতি কঠিন সময় অতিক্রম করছে।
এই কঠিন সময় অতিক্রমে সরকার ও বেসরকারি খাত একসঙ্গে কাজ করছে বলেও জানান এফবিসিসিআই সভাপতি।
বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সক্ষমতাকে বিশ্ব দরবারে পরিচিত করার প্রয়াস হিসেবে বাংলাদেশ বিজনেস সামিট আয়োজন করা হয় উল্লেখ করে জসিম উদ্দিন আরও বলেন, বাংলাদেশ বিজনেস সামিটের প্রাপ্তি নিয়ে আমরা একটি বই বের করছি। ব্যবসায়ী সম্মেলনে প্রধানমন্ত্রীর কাছে এই বই হস্তান্তর করা হবে। আমাদের এই প্রকাশনায় সামিটে অংশ নেওয়া বিশেষজ্ঞদের মতামতের পাশাপাশি সামিটে আলোচনা হওয়া সুপারিশ ও পলিসিগুলো সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পৌঁছে দেবো।
দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি খাতের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সম্মেলনে ব্যবসায়ীদের সমস্যার কথাগুলোও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে বলে জানান বক্তারা।
এসময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরি বাবু, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী, বর্তমান সহ-সভাপতি এম এ মোমেন, আমিনুল হক শামিম, আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান, ফরেইন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসের এজাজ বিজয়, ঢাকা চেম্বারের সভাপতি সামির সাত্তার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনসহ এফবিসিসিআই এর অধিভুক্ত চেম্বার এবং অ্যাসোসিয়েশনের প্রধানরা উপস্থিত ছিলেন।


