নিজস্ব প্রতিবেদক
খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা কারসাজি করে গ্যাসের (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস-এলপিজি) দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।
তিনি বলেন, যারা আশা করতেছিলেন এলপিজির দাম বাড়বে, যেটা আপনার দেখছেন যে বিইআরসি ৫৩ টাকা না কত টাকা যেন বাড়িয়েছে। তো অনেকে এইটার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এরপরে কেবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে, প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যেন মোবাইল কোর্ট করা হয়।
তিনি আরও বলেন, গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভায় তো আমরা আলাপ করছি। তো এখানে ইয়ের কোনো কারণ নেই, মানে যে এই দামের অস্বাভাবিকতা, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে। সরকার এজন্য ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে।
কারা কারসাজি করেছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা মিলে এটা করেছেন।
অস্বাভাবিকভাবে এলপিজির দাম বাড়ানো ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, যারা দোকান বন্ধ রেখেছেন সেগুলো খোলার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়া হয়েছে কি না জানতে চাইলে জ্বালানি উপদেষ্টা বলেন, হ্যাঁ, সাজা দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রেই। এখানে তিন ভাগে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে জেলা প্রশাসন, মন্ত্রিপরিষদ সচিবের ইয়েতে। তারপর হচ্ছে যে পুলিশ। গতকাল আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমটির সভা এটা নিয়ে আলোচনা হয়েছে। আরেকটা হচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিভিন্ন খবরের কাগজে আসছে তাদেরকে জরিমানা করা হয়েছে।


