বিশ্বরেকর্ড গড়ে জিতল পাঞ্জাব কিংস

স্পোর্টস ডেস্ক

ক্রিকেটে যে কোনো কিছুই অসম্ভব নয়, এবার সেটাই প্রমাণ করে দেখালো পাঞ্জাব কিংস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২৬৫ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব। তাতেই হয়েছে বিশ্বরেকর্ড। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড এটিই।

অবশ্য আগের রেকর্ডটিও ছিল পাঞ্জাবের অধীনেই। ২০২৪ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জিতেছিল তারা। সর্বোচ্চ রান তাড়া জেতার তালিকায় তিন নম্বরে অবস্থান দক্ষিণ আফ্রিকার। ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা।

২৬৫ রান তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় পাঞ্জাব। দুই ওপেনার প্রভশিমরন সিং ও প্রিয়াংশ আর্য মিলে পাওয়ার প্লেতে তোলেন ১১৬ রান। তা এবারের আসরের সর্বোচ্চ। আর এটা আইপিএলর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এই দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটি ৬.৫ ওভারে করেন ১২৬ রান। তাতেই জয়ের কাজটা সহজ হয় পাঞ্জাবের। মাত্র ১৭ বলে ৪৩ রান করে আউট হন আর্য।

এদিকে দ্রুত ফিফটি পূরণের পর ৭৬ রানে থামেন আরেক ওপেনার প্রভশিমরান। মাত্র ২৬ বলে খেলা এই বিধ্বংসী ইনিংসটি নয়টি চার ও পাঁচটি ছয়ে সাজানো। পরের উইকেটে নামা কুপার কনোলির ব্যাট থেকে আসে ১৭ রান।

চতুর্থ উইকেটে নেহাল ওয়াধিরাকে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। আর পরের উইকেটে নামা শশাঙ্ক সিংকে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি। ১৫ বলে ২৫ রান করে নেহাল। আর মাত্র ৩৬ বলে ৭১ রানে অপরাজিত থাকেন আইয়ার। শশাঙ্ক অপরাজিত থাকেন ১০ বলে ১৯ রানে।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে দিল্লি। শুরুটা ভালো হয়নি তাদের। ৭ বলে ১১ রান করে থামেন ওপেনার পাথুম নিশাংকা। তবে দ্বিতীয় উইকেটে ২২০ রানের জুটি গড়েন লোকেশ রাহুল ও নিতিশ রানা। তাতেই রানের পাহাড় গড়তে থাকে দিল্লি। ৪৪ বলে ৯১ রান করে আউট হন নিতিশ।

এদিকে সেঞ্চুরি করেই থামেননি রাহুল। শেষ পর্যন্ত খেলে যাওয়া এই ব্যাটার করেন ১৫২ রান। যা এবারের আসরে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ। শুধু তাই নয়, আইপিএল ইতিহাসে তৃতীয় ও ভারতের প্রথম ব্যাটার হিসেবে দেড় শতক রান করার রেকর্ড গড়েন এই ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার। আর ২০ ওভারে ২ উইকেটে ২৬৪ রান করে দিল্লি।

পূর্ববর্তী নিবন্ধস্টাইল আর আভিজাত্যে নজর কাড়লেন মেহজাবীন
পরবর্তী নিবন্ধআরচ্যারি ফেডারেশনের দ্বন্দ্ব মিটিয়ে ঐক্যের ডাক প্রতিমন্ত্রীর