মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার জেরে বিশ্বব্যাপী বসবাসরত ও ভ্রমণরত নিজেদের নাগরিকদের জন্য একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্ভাব্য যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘাত এড়াতে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই বিশেষ নির্দেশনা দিয়েছে।মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান জটিল নিরাপত্তা পরিস্থিতির কারণে যেকোনো সময় আকস্মিক সংঘাত ও উত্তেজনা ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা রয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বক্ষণিকভাবে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে চারপাশের পরিস্থিতি সম্পর্কে অবগত থাকতে ও যে কোনো তাৎক্ষণিক খবরের দিকে সার্বক্ষণিক নজর রাখতে ও নিয়মিত সংবাদ পর্যবেক্ষণ করতে মার্কিন নাগরিকদের উৎসাহিত করা হয়েছে।


