নিজস্ব প্রতিবেদক
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা-কর্মী। এর জেরে যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফেরা এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেছেন সাংবাদিকেরা।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি ফটকে এ ঘটনা ঘটে। অবশ্য যখন এ ঘটনা ঘটে, তখন আখতার হোসেন ও তাসনিম জারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি।
প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, ওই নেতারা বের হওয়ার আগে ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন হুমায়ুন কবির। এ সময় আখতার ও জারাকে স্বাগত জানাতে পাশেই ফুল নিয়ে অবস্থান এবং স্লোগান দিতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এতে হুমায়ুনের কথা শুনতে সাংবাদিকদের সমস্যা হচ্ছিল। তাই তাদের উচ্চস্বরে স্লোগান না দেওয়ার জন্য অনুরোধ করেন এক সাংবাদিক। তখন দলটির কিছু নেতাকর্মী কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার করেন। একে কেন্দ্র করে সাংবাদিকরা বিমানবন্দরে আখতার ও জারার সংবাদ সম্মেলন বর্জনের ঘোষণা দেন।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন এক বিবৃতিতে জানান, আখতার ও জারা দেশে ফেরার পর বৈশ্বিক নেতৃত্বের জায়গায় বাংলাদেশের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলোই মূলত সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের কাছে তুলে ধরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে, যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়।
মুরসালীন বলেন, এ ঘটনায় আখতারসহ দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন এরই মধ্যে সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


