নিজস্ব প্রতিবেদক
বায়ুদূষণে পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাগরিক জীবনে যানজট, শিল্পায়ন ও বিভিন্ন প্রকারের দূষিত পদার্থের ব্যবহার বেড়ে যাওয়ায় বায়ুর মান ক্রমশ হ্রাস পাচ্ছে। তাই বায়ুদূষণ রোধে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে উচ্চ আদালত নির্দেশনা দিয়েছেন।
বায়ুদূষণ রোধে এর আগে দেওয়া ৯ নির্দেশনা বাস্তবায়নে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশনা আগামী তিন সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে বিবাদীদের আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে। এ বিষয়ে আগামী ৩০ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত বিষয়ে করা সম্পূরক আবেদন শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান এবং বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এসময় আদালত বর্তমানের বায়ুদূষণের পরিস্থিতি ও বর্তমান অবস্থা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। পরিবেশের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন, উত্তর সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী মো. শাহজাহান, দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষে আইনজীবী খসরুজ্জামান এবং ফায়ার সার্ভিসের পক্ষে ছিলেন আইনজীবী মুরশিদ আক্তার।
মনজিল মোরসেদ জানান, সম্প্রতিক সময়ে বায় দূষণের মাত্রা বেড়ে যাওয়াই এ সংক্রান্ত বিষয়ে একটি সম্পূরক আবেদন করা হয়। আবেদনটি পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী ছারওয়ার আহাদ চৌধুরী দায়ের করেন। সেই আবেদনে শুনানি নিয়ে ঢাকার বায়ু দূষণ বন্ধে আদালতের ৯ দফা নির্দেশনা ৩ সপ্তাহের মধ্যে বাস্তবায়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।


