বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত ৪১ হাজার কোটি টাকার তহবিল অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক

বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত অর্থায়ন প্যাকেজ সমূহ বাস্তবায়নের লক্ষ্যে ৪১ হাজার কোটি টাকার তহবিল – এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি.। বাংলাদেশ ব্যাংকের বৃহত্তর ৬০,০০০ কোটি টাকার সমন্বিত তারল্য সহায়তা কাঠামোর অংশ হিসেবে এই অর্থায়ন সুবিধা প্রদান করা হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা এবং উৎপাদনশীল অর্থনৈতিক কর্মকাণ্ডে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ অংশগ্রহণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং রিসার্চ অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স বিভাগের পরিচালক মো. আবদুল মান্নান উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

উক্ত অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন আবিদুর রহমান চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. রাশেদুল আলম খান।

এই অর্থায়ন প্যাকেজে অংশগ্রহণের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক পিএলসি. দেশের অগ্রাধিকারপ্রাপ্ত উৎপাদনশীল খাতে ব্যাংকের উদ্বৃত্ত তারল্য বিনিয়োগের প্রতি তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ উদ্যোগ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সহায়তা করা, কর্মসংস্থান ধরে রাখা এবং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পূর্ববর্তী নিবন্ধশেয়ারবাজারে সূচকের উত্থান অব্যাহত ডিএসইর লেনদেন ৭৩১ কোটি টাকা