স্পোর্টস ডেস্ক
ওপেনিং জুটিই ভারতকে বড় স্কোরের ভিত গড়ে দিয়েছিল। অভিষেক শর্মা এবং শুভমান গিল মিলে ৬.২ ওভারে গড়ে তোলেন ৭৭ রানের জুটি। এই জুটির ওপর ভর করেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের সামনে ১৬৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত।
ইনজুরির কারণে নেই অধিনায়ক লিটন দাস। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক। টস জিতে তিনি ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন ভারতীয়দের।
ব্যাট করতে নেমে ৬.২ ওভার পর্যন্ত ৭৭ রানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন অভিষেক এবং শুভমান। ১৯ বলে ২৯ রান করে আউট হন শুভমান। ২টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। তবে সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন অপর ওপেনার অভিষেক শর্মা। ৩৭ বলে ৭৫ রানের টর্নেডো বইয়ে দেন তিনি বাংলাদেশের বোলার-ফিল্ডারদের ওপর। তার ইনিংস সাজানো ছিল ৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কায়।
পরপর দুই ওভারে দুই ব্যাটারকে আউট করে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনেন রিশাদ হোসেন। শিবাম দুবে আউট হন ২ রান করে। ৫ রান করে মোস্তাফিজের বলে বিদায় নেন সূর্যকুমার যাদব।
তিলক বার্মাও আউট হন দ্রুত। তানজিম সাকিবের বলে ৫ রান করে আউট হন তিনি। তবে শেষ দিকে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। ২৯ বলে ৩৮ রান করেন তিনি। ১৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত।
বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন রিশাদ হোসেন। মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও সাইফউদ্দিন নেন ১টি করে উইকেট।


