জেলা প্রতিনিধি
ফরিদপুরে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ৯১ জন। এখন পর্যন্ত এ জেলায় হামে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৮ জন।
রোববার (৩১ মে) সকালে ফরিদপুরের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুকসানা (৪ মাস) ও তাসিন (৮ মাস) নামে দুই শিশু মারা গেছে।
জেলা স্বাস্থ্য অফিস জানায়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ২ হাজার ১২৮ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে।
আক্রান্তদের অধিকাংশই শিশু। এ পর্যন্ত হাসপাতালটি থেকে ১ হাজার ২৫৪
জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টার পরিসংখ্যানে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ৯১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। উপজেলাভিত্তিক আক্রান্তদের মধ্যে সালথায় সবচেয়ে বেশি ২২ জন, আলফাডাঙ্গায় ২১ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জন রয়েছেন। এ ছাড়া বোয়ালমারী ও চরভদ্রাসন
উপজেলাতেও নতুন হাম রোগী শনাক্ত হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সময়মতো টিকা গ্রহণের মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। টিকাদান কর্মসূচির আওতায় থাকা শিশুদের শতভাগ টিকা নিশ্চিত করা না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, হাম প্রতিরোধে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অভিভাবকদের সচেতনতা বাড়ানোই বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
জেলা স্বাস্থ্য বিভাগ হামের বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।


