নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করতে পারে—এ ধরনের কাজ ছাড়া সরকার সব ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, আমাদের অনেকের ধারণা- নির্বাচনের শিডিউল ঘোষণা হলে সব বন্ধ হয়ে যাবে—এটা হয় না, এটা ভুল ধারণা। নির্বাচনকে প্রত্যক্ষভাবে ইনফ্লুয়েন্স (প্রভাবিত করে), শুধু সেসব কাজ আমরা করতে পারবো না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
তফসিল হলে রোজার আগে আপনাদের (সরকারের) কেনাকাটা অব্যাহত থাকবে কি? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সালেহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণা হলেই সব বন্ধ হয়ে যাবে নাকি? তত্ত্বাবধায়ক সরকার তিন মাস যখন ছিল সব বন্ধ হয়ে গিয়েছিল নাকি?
তিনি বলেন, নির্বাচনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে সরকার শুধু সে কাজগুলো করতে পারবে না। তফসিল হলেই কি আমাদের বাজেট বন্ধ থাকবে? বেতন বন্ধ থাকবে? সব প্রজেক্ট কি বন্ধ থাকবে? আসলে নির্বাচনের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নেই।
অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংকিং ব্যবস্থাপনার কোনো কিছু তো নির্বাচনের জন্য বন্ধ থাকবে না। পাঁচটি ব্যাংক এক হবে, ৯টি এনবিএফআই (লিজিং কোম্পানি) এক হবে। ওই কাজগুলো তো বন্ধ থাকবে না।
তাহলে কি অধ্যাদেশও জারি হবে? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, অধ্যাদেশের ব্যাপারে আমরা এখন জানি না, নতুন কোনো অধ্যাদেশের ব্যাপার এখন পর্যন্ত নেই। কারণ, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট পাস হয়ে গেছে। এনবিএফআই পাস হয়ে গেছে। এনবিআরের তো সব শেষ হয়ে গেছে। এনবিআরে শুধু বাকি ম্যানপাওয়ার, ওটার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।
বৈঠকের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, এবার আমার জানা মতে ফসল ভালো হয়েছে। এখন ডিপেন্ড করে বাজারে কিভাবে অন্যরা কী করবে। রোজার আগে আমরা মসুর ডালের ব্যাপারে প্রিপারেশন নিচ্ছি। খেঁজুরের ব্যাপারে কিছুদিন পরে আমরা একটা ব্যবস্থা নেবো।
তিনি বলেন, পাঠ্যপুস্তক যেগুলো বাকি ছিল, একেবারে ক্লাস ওয়ান থেকে ১০ম শ্রেণি পর্যন্ত কয়েকটা আমরা রিটেন্ডার করতে বলেছিলাম। পাঠ্যপুস্তক সবগুলো আমরা অ্যাপ্রুভ করেছি আগেরগুলো। আশাকরি পাঠ্যপুস্তকগুলো এবার আমরা যথাসময়ে পাবো। হয়তো এদিকে-সেদিক একটু হবে। তবে কোনো বেশি ডিলে হবে না, হওয়ার কথা না। আমরা কোয়ালিটিও মেনটেন করছি।
শিক্ষার্থীদের নতুন বই দেওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা কী বলেছেন? সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, উনি বলেছেন আমরা যথাসম্ভব জানুয়ারির মধ্যে যেটা টার্গেট করবো। কতগুলো তো হয়ে যাবেই। দুই-একটি শ্রেণির হয়তো, আজকে যেমন কয়েকটা হয়েছে একটু সময় লাগতে পারে। কিন্তু বাকিগুলাই যে আগে দিয়েছি ওটা হয়ে যাবে।


