নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজধানীর বিভিন্ন সড়কের পাশে লাগানো তার ছবিসহ বিলবোর্ড এবং ব্যানার দ্রুত সরানোর নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
রুমন জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে গুলশানের বাসা থেকে বেরিয়ে সচিবালয়ে যাওয়ার পথে হাতিরঝিল পুলিশ প্লাজার সামনে তার ছবি সংবলিত ব্যানার দেখে তখনই সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং সেটি তৎক্ষণাৎ সরানো হয়।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তার ছবিসহ বিজ্ঞাপন প্রদর্শন করছে নানা কোম্পানি। সেগুলো দ্রুত অপসারণ করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। কয়েকদিন আগে প্রধানমন্ত্রী বিজয় সরণি দিয়ে যাওয়ার সময় একটি এলইডিতে অভিনন্দন জানিয়ে তার ছবি প্রদর্শিত হচ্ছিল দেখে তখনই সেটি অপসারণের নির্দেশনা দিয়েছিলেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে অফিস করেন। তিনি সকাল ৯টা ১৫ মিনিটে অফিসে আসেন। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি ও অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ রক্ষায় নিয়মিত টহল বাড়ানো ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
রাজধানীতে যানবাহনের গতি বেড়েছে
ট্রাফিক সিগন্যাল মানায় রাজধানীর সড়কে যান চলাচলে গতি বেড়েছে। প্রধানমন্ত্রীর কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া এক প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন রুমন।


