নতুন সরকারের কাছে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায় সাধারণ মানুষ

নিজস্ব প্রতিবেদক: দেশে বহুল প্রতিক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকার গঠন করতে যাচ্ছে তারা। নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। তারা চায় স্বস্তির জীবন। চায় শান্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ চায় তারা। দুর্নীতিমুক্ত দেশ ও বেকারত্ব দূর করতে কর্মসংস্থানের ব্যবস্থা তাদের চাওয়া। নতুন সরকারের কাছে সর্বস্তরে হওয়া চাঁদাবাজি বন্ধ করার দাবি তাদের। রাজনৈতিক দলের দেওয়া ফ্যামিলি কার্ড প্রাপ্তির নিশ্চয়তা চায় খেটে খাওয়া মানুষেরা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। আর কয়েকদিন বাদে পবিত্র রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মসংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এ মাসে ধর্মীয় অনুশাসনের পাশাপাশি সামাজিক ও মানবিক দায়িত্বও বিশেষ গুরুত্ব পায়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের দেশে রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির হয়ে ওঠে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে, বিশেষত নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির পরিবারগুলোর জন্য। তাই আসন্ন রমজানকে সামনে রেখে নতুন সরকারের কাছে জনগণের প্রধান প্রত্যাশা-স্বস্তির বাজার ও ন্যায্যমূল্য নিশ্চিত করা।

রমজান মাসে খাদ্যপণ্যের চাহিদা স্বাভাবিকভাবেই কিছুটা বৃদ্ধি পায়। ছোলা, ডাল, চিনি, তেল, খেজুর, বেগুনসহ ইফতারসামগ্রীর বিক্রি বাড়ে। এই বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের একটি অংশ কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি ও অযৌক্তিক মূল্যবৃদ্ধির পথ বেছে নেয়-এমন অভিযোগ বহু বছরের। ফলে বাজারে অস্থিতিশীলতা তৈরি হয়, যা ধর্মীয় আবহকে ব্যাহত করে এবং মানুষের মনে ক্ষোভের জন্ম দেয়। একটি কল্যাণমুখী রাষ্ট্রে এ ধরনের অনিয়ম চলতে পারে না।

নতুন সরকারের জন্য এটি একটি বড় পরীক্ষা। নির্বাচনী অঙ্গীকারে জনকল্যাণ, সুশাসন ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। রমজান সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে। বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকি, নিয়মিত মনিটরিং এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ- এসব পদক্ষেপ দৃশ্যমান হতে হবে। কেবল অভিযান চালানো নয়, বরং একটি দীর্ঘমেয়াদি ও টেকসই বাজারনীতি গ্রহণ করা জরুরি।

প্রায় পাঁচ বছর ধরে শেওড়াপাড়া এলাকায় রিকশা চালান মিজান। কিশোরগঞ্জের তাড়াইলে তার বাড়ি। রিকশাচালক মিজান বলেন, ‘তারা (বিএনপি) তো কার্ডের প্রতিশ্রতি দিয়েছিলো। একটা কার্ড পেলে আমার উপকার হতো। আমরা গরিব মানুষ। কার্ড পেলে সংসারটা চালিয়ে নিতে পারতাম।

আরেক রিকশাচালক আব্দুল করিম বলেন, ‘রিকশা চালিয়ে আগের মতো আয় নেই। সব কিছুর দাম বেশি। জিনিসপত্রের দাম কমলে আমরা বাঁচি। বাজারে গেলে ভয় লাগে। আয় বাড়ে না, খরচ বাড়ে। আমাদের চাওয়া যাতে আয় বাড়ে ও জিনিসপত্রের দাম কমে।

একই এলাকায় কথা হলে সিএনজি অটোরিকশাচালক মারুফ বলেন, ‘আমরা দেশের উন্নয়ন চাই। দেশ ভালোভাবে চলুক সেটিই আমাদের চাওয়া। সিএনজি চালক হিসেবে আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা পথে পথে চাঁদাবাজি বন্ধ হোক। কোথাও গাড়ি রাখতে গেলেই চাঁদা দিতে হয়, গাড়ি থামিয়েও চাঁদা নেওয়া হয়, নতুন সরকার যেন এসব বন্ধ করে সেটি আমাদের প্রাণের দাবি।’

পূর্ববর্তী নিবন্ধকোনো অজুহাতেই দুর্বলের ওপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না:তারেক রহমান
পরবর্তী নিবন্ধভবিষ্যতের প্রধানমন্ত্রী তারেক রহমান : মির্জা ফখরুল