নিজস্ব প্রতিবেদক
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। এদিন বঙ্গভবনে তাদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বঙ্গভবনের একটি দায়িত্বশীল সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।
অন্যদিকে, সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, একইদিন (মঙ্গলবার) সকালে সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে গণভোটও সম্পন্ন হয়।
নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। ৩০০ আসনের সংসদে এককভাবে সরকার গঠনে প্রয়োজন অন্তত ১৫১টি আসন, আর দুই শতাধিক আসন পাওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে দলটি।
নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের শপথের পর পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। যেখানে দলনেতা নির্বাচন করা হবে। এরপর নির্বাচিত দলনেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কথা জানাবেন এবং সরকার গঠনের আহ্বান জানাবেন।
এর পর রাষ্ট্রপতি দলনেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্য নির্বাচন করবেন এবং প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সবাইকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।


