নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার।
এক অভিনন্দন বার্তায় তিনি মন্ত্রিসভা গঠন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
ইসহাক দার বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে—এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী।
তিনি আরও জানান, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ এবং বাংলাদেশ–পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসলামাবাদ আগ্রহী। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পৃক্ততার প্রত্যাশার কথাও তুলে ধরেন তিনি।


