দুই মেয়েকে কাছে পেতে জাপানি মায়ের আপিল শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ ও জাপানি নাগরিক ডা. এরিকো নাকানোর দুই মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে তাদের মায়ের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি চলছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯ টা ১০ মিনিটে শুনানি শুরু হয়। মায়ের পক্ষে আদালতে আজ শুনানি করছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি।

এর আগে বিষয়টি রোববার (৬ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল একই বেঞ্চে শুনানির কথা ছিল। কিন্তু আপিল বিভাগে নিয়োগ পাওয়া বিচারপতি নাজমুল আহাসান মারা যাওয়ায় গতকাল তার সম্মানে সুপ্রিম কোর্টের (আপিল ও হাইকোর্ট) উভয় বিভাগের বিচার কাজ বন্ধ ছিল। তবে আজ আবার রোববারের কাযর্তালিকা অনুযায়ীই আদালতের কার্যক্রম শুরু হওয়ায় বিষয়টির শুনানি চলছে।

এর আগে গত বুধবার (২ ফেব্রুয়ারি) ওই দুই শিশুকে মায়ের কাছে নিতে মায়ের পক্ষে নিয়মিত আপিল আবেদন (সিপি) করা হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

ওইদিন তিনি বলেন, আমরা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি হাতে পেয়েছি। রায় সংযুক্ত করে নিয়মিত আপিল (সিপি) দায়ের করেছি। এজন্য এই বিষয়ে শুনানিতে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আপিল বিভাগের আদালত।

এর আগে গত ২৩ জানুয়ারি সকালে আপিল বিভাগ ইমরান শরীফ ও ডা. এরিকো নাকানোর দুই মেয়েকে তাদের মায়ের সঙ্গে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত থাকার আদেশ দেন। তবে মায়ের কাছে থাকলেও প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টার মধ্যে যেকোনো সময় বাবা ইমরান শরীফ তাদের সঙ্গে দেখা করতে পারবেন।

জাপানি মায়ের আপিল শুনানি নিয়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নুরুজ্জামান ননীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বজুড়ে কমেছে সংক্রমণ, মৃত্যু সাড়ে ৬ হাজারের নিচে
পরবর্তী নিবন্ধ১৩৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে