দিরাইয়ে পুলিশ সদস্যের প্রতিহিংসার শিকার গ্রামবাসী : মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দিরাই উপজেলার চিতলিয়া গ্রাম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মিথ্যা তথ্য পরিবেশন এবং গ্রামের সাধারণ মানুষ ও উদীয়মান শিক্ষার্থীদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।  পুলিশের নায়েক জুয়েল দাসের এমন অপেশাদার ও প্রতিহিংসামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে চিতলিয়া নাট মন্দির প্রাঙ্গণে এই বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চিতলিয়া গ্রামবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন গ্রামের সর্বস্তরের মানুষ। দুপুর গড়াতেই মন্দির প্রাঙ্গণ ব্যানার ও ফেস্টুন হাতে শত শত মানুষ উপস্থিত হন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নায়েক জুয়েল দাস একজন সরকারি চাকুরিজীবী হয়েও নিজ গ্রামের মানুষের বিরুদ্ধে অত্যন্ত নীচ ও প্রতিহিংসামূলক আচরণে লিপ্ত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে ফেসবুকে নিজ গ্রাম নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে গ্রামের মানহানি করছেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুয়েল দাস তার পদের প্রভাব খাটিয়ে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ এবং বিশেষ করে উদীয়মান ছাত্রদের টার্গেট করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন।

এতে অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। আকাশ দাসের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য সূর্যলাল দাস, কৃষ্ণধন দাস, গণেণ দাস, বীর মুক্তিযোদ্ধা কুমোধ রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা বিজন দাস, সেতু রঞ্জন দাস ও সনজিত দাস প্রমূখ। ​বক্তারা বলেন, একজন পুলিশ সদস্য যেখানে মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়ার কথা, সেখানে জুয়েল দাস ব্যক্তিগত শত্রুতার জেরে গোটা গ্রামকে জিম্মি করে ফেলেছেন। আমরা এই অন্যায়ের অবসান চাই। মানববন্ধন থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয় যাতে অবিলম্বে গ্রামবাসী ও ছাত্রদের নামে দায়ের করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হয় এবং ​শৃঙ্খলার পরিপন্থী কাজে লিপ্ত থাকায় নায়েক জুয়েল দাসের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত এই হয়রানি বন্ধ না হয় এবং জুয়েল দাসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধহাওরাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে বাদাম চাষ
পরবর্তী নিবন্ধঢাকা ওয়াসার এমডি হলেন আমিনুল ইসলাম