তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১১ আগস্ট) ঢাকা-৩ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় (৩ নং) ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন যাতে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তরুণ ভোটার ছেলে ও মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে। তাছাড়া নারী ও পুরুষের জন্য আলাদা বুথ তো থাকছেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্বাচনী প্রস্তুতি অনেক আগে থেকেই শুরু হয়ে গেছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা এরইমধ্যে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার নির্দেশনা দিয়েছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে বডি-অর্ন ক্যামেরা থাকবে যাতে নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না-তা জেলা থেকে ও কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা যায়।

তিনি বলেন, আমাদের পুলিশ, বিজিবি ও কারারক্ষীদের কাছে কিছু বডি-অর্ন ক্যামেরা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নতুন করে আরও ৪০ হাজার বডি-অর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ার পথে প্রধান উপদেষ্টা 
পরবর্তী নিবন্ধজুলাই গণহত্যাকারীদের কেউই ছাড় পাবে না : চিফ প্রসিকিউটর