ঢাকার বাসে ই-টিকিট ছাড়া যাত্রা নয়, এক সপ্তাহের মধ্যেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকা ও শহরতলীর রুটে চলাচলকারী বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকিট কেটে চড়তে হবে। বাস স্টপেজে কিউআর কোড দেওয়া থাকবে। যাত্রীরা সেটা স্ক্যান করে অ্যাপ ডাউনলোড করে নিজেরাই টিকিট কাটতে পারবেন। যারা স্মার্টফোন ব্যবহার করছেন না, তাদের জন্য থাকবেন সাড়ে তিন হাজারের বেশি টিকিট মাস্টার। তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে এই পদ্ধতির উদ্বোধন করা হয়। আগামী এক সপ্তাহের মধ্যে এই পদ্ধতি পুরোদমে চালু করা হবে।

ঢাকা মহানগর পুলিশ, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ঢাকা জেলা সড়ক পরিবহন যানবাহন শ্রমিক ইউনিয়নসহ কয়েকটি শ্রমিক সংগঠনকে সঙ্গে নিয়ে এই পদ্ধতি বাস্তবায়নের কথা বলা হচ্ছে। আরবানমুভ টেক নামের একটি কোম্পানি এ ব্যবস্থায় কারিগরি সহায়তা দিচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম।

তিনি বলেন, বিভিন্ন রুটের পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আরবানমুভ টেক ই-টিকিটিং ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব নিয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে জানিয়ে সাইফুল আলম বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও পুলিশ প্রশাসন এই কার্যক্রম পরিচালনায় সার্বিক সহযোগিতা ও তদারকি করবে।

পূর্ববর্তী নিবন্ধআসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে : ছাত্রদল সম্পাদক
পরবর্তী নিবন্ধপবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি