নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) হিসেবে যোগদান করেছেন ড. মো. আসিফুর রহমান। বুধবার (২ জুলাই) ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ড. আসিফুর রহমান একজন অভিজ্ঞ তথ্যপ্রযুক্তিবিদ, যিনি দেশি-বিদেশি অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৬ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি আশা ইন্টারন্যাশনাল গ্রুপ পিএলসি.-এর সিটিও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০১২-২০১৬ পর্যন্ত তিনি জাপানের স্মার্ট সার্ভিস টেকনোলজিস কোম্পানিতে ওভারসিজ অপারেশন্সের প্রধান ছিলেন। সে সময় তিনি আটটি কোম্পানি এবং অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, মায়ানমার ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তোলেন।
২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কিউশু ইউনিভার্সিটির সিস্টেম এলএসআই রিসার্স সেন্টারে রিসার্স ফেলো হিসেবে কাজ করেন। এর পাশাপাশি তিনি আশা এবং আশা ইন্টারন্যাশনাল-এ ডিরেক্টর আইটি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ছিলেন সহযোগী অধ্যাপক। এছাড়া তিনি ঢাকায় অ্যাঞ্জেলনেট টেকনোলজিস আইএনসির ম্যানেজার, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্টে এসিস্টেন্ট প্রোগ্রামার এবং ফাও ফেলোশিপ প্রজেক্টে কম্পিউটার কনসালটেন্ট হিসেবেও কাজ করেছেন।
ড. আসিফুর বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের ছাত্র। তিনি ১৯৯৪ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন এবং পরে জাপানের কিউশু ইউনিভার্সিটি থেকে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।
তার বিশেষ দক্ষতার মধ্যে রয়েছে ফাইন্যান্সিয়াল মার্কেটে ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন, ফাইন্যান্সিং মডেলিংয়ের জন্য হাই পারফরম্যান্স কম্পিউটিং আর্কিটেকচার এবং স্কেলেবল সিস্টেম নিয়ে কাজ করার অভিজ্ঞতা।
তিনি বুয়েট গ্রাজুয়েট ক্লাব লিমিটেড এবং বুয়েট এলামনাই অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য।


