নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা উপনিয়ন্ত্রক খোরশেদ আলম ভূঁইয়া সম্প্রতি বিশ্ব হাতের লেখা প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেছেন। হ্যান্ডরাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই সভাপতি প্রত্যন্ত শতবর্ষী বিদ্যাপীঠ দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার এই শিক্ষা
প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী মো. মিজানুর রহমান সম্প্রতি মটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। গত বুধবার অনুষ্ঠিত রাজধানীর মহাখালী মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। গত ৭ বছর ধরে তিনি রাজধানীর মর্যাদাপূর্ণ এই সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডিআরএইচএসএএ) সংগঠনের দুই সদস্যের সাম্প্রতিক এমন অর্জনে তাদেরকে সংবর্ধনা দিয়েছে।
শনিবার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী প্লাজায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয় সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান ও অন্যতম উপদেষ্টা খোরশেদ আলম ভূঁইয়াকে। ডিআরএইচএসএএ’র সাধারণ সম্পাদক মাহমুদুল আলমের সঞ্চালনায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ওমর ফারুক (শাকিল চৌধুরী) ও টানা দুইবারের সভাপতি মো. কামাল হোসেন; বিদ্যালয়কেন্দ্রিক স্থানীয় সমাজসেবী মো. মমিনুল হক, মো. শাহাদাৎ হোসেন (মনির), কবি মহিউদ্দিন মাসুদ ও বিদ্যালয়ের দাতা সদস্য একরাম হোসেন প্রমুখ।


