জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি

নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনগত মধ্যরাতে দলটির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীনের সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামীকাল (শুক্রবার) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ করবে না। এনসিপি মনে করে, যেহেতু এই স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে আইনি ভিত্তি অর্জন হবে না, এটা কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকবে।

সেখানে বলা হয়, এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে। আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার পূর্বে এ ধরনের আনুষ্ঠানিকতা ‘জুলাই ঘোষণাপত্র’-এর মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে।

এনসিপি বলছে, তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বাড়িয়েছে, আমরা সেখানে অংশগ্রহণ করে আমাদের অবস্থান তুলে ধরবো। দাবি পূরণ হলে পরবর্তীতে সই করবো।

শুক্রবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই অনুষ্ঠান হবে। এ উপলক্ষে রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আড়ম্বরপূর্ণভাবে ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসংঘাত বন্ধে আফগানিস্তানের সঙ্গে আলোচনা চায় পাকিস্তান
পরবর্তী নিবন্ধপ্রায় ১৭ ঘণ্টা পর চট্টগ্রাম ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে