
বিনোদন ডেস্ক
দুই প্রজন্মের দুই তারকা। একজন অভিনয়ে-গানে অনন্য। আরেকজন শোবিজে পা রেখেছেন সুন্দরী প্রতিযোগিতা দিয়ে। জুটি হয়ে এক নাটকে কাজ করলেন তারা। নাটকের নাম ‘জামাইয়ের আবদার’। এতে জুটি হয়েছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী ও লাক্স তারকা নীলাঞ্জনা নীলা।
কোরবানি ঈদকে সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন নাটকটি। জনপ্রিয় নির্মাতা সকাল আহমেদের পরিচালনায় এই নাটকে দেখা যাবে আরও একঝাঁক প্রিয় মুখকে।
নাটকটির গল্প রচনা করেছেন ইউসুফ আলী খোকন। পারিবারিক আবহে নির্মিত এই নাটকে তুলে ধরা হবে এক জামাইকে ঘিরে নানা আবদার, সম্পর্কের টানাপোড়েন এবং উৎসবের আবেগঘন মুহূর্ত।
নাটকটির শুটিং চলছে ঢাকার অদূরে পুবাইল টেলিহোম হাউজে।
নির্মাণ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসছে ঈদুল আজহায় প্রচার হবে নাটকটি।
ঈদকে ঘিরে নির্মিত এই নাটকটি দর্শকদের জন্য নিয়ে আসবে হাস্যরস, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং উৎসবের উষ্ণতা, এমনটাই প্রত্যাশা নির্মাতা সংশ্লিষ্টদের।


