ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করেছেন মেঘমল্লার বসু। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদকের পদ থেকে তিনি পদত্যাগ করেন। তার পাশাপাশি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদের পদত্যাগপত্রও গৃহীত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

শনিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ‎সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার।

তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‎বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু কর্তৃক দাখিলকৃত পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একইসঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে সক্ষম। এই বিবেচনা থেকেই তারা স্বেচ্ছায় অব্যাহতিপত্র প্রেরণ করেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
পরবর্তী নিবন্ধসেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা প্রধানমন্ত্রীর