সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে গুরুত্বপূর্ণ এ সড়কটি চার লেনে উন্নীত হলে ছাতক শহরের যানজট কমার পাশাপাশি সড়ক যোগাযোগে গতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রোববার বিকেলে ছাতক পৌরসভার ট্রাফিক পয়েন্ট এলাকায় ফোরলেন প্রকল্পের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) সূত্রে জানা গেছে, ছাতক পৌর এলাকার ট্রাফিক পয়েন্ট থেকে সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়ক ফোরলেনে উন্নীত করা হবে।
প্রকল্পটির বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স এম এম বিল্ডার্স। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ের এ উন্নয়নকাজ শেষ হলে ছাতক শহরের অন্যতম ব্যস্ত এ সড়কে যান চলাচলের সক্ষমতা বাড়বে।দীর্ঘদিন ধরে ছাতক শহরের প্রধান সড়কে যানবাহনের চাপ, সড়কের সীমিত প্রশস্ততা এবং বিভিন্ন স্থানে যানজটের কারণে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও শিল্পাঞ্চলকেন্দ্রিক ভারী যানবাহন চলাচলের কারণে গুরুত্বপূর্ণ এ সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হয়। ফোরলেন প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে এসব সমস্যা অনেকটা কমবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
উদ্বোধন অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, ছাতক সওজের উপবিভাগীয় প্রকৌশলী মো. সাহাদাত হোসেন, আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সুমেন ও সামসুর রহমান বাবুলসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


