নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ):

জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে সুনামগঞ্জের ছাতকে গণমিছিল ও সমাবেশ করেছে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার বাদ আছর ছাতক পৌর শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে লাল মসজিদ এলাকা থেকে গণমিছিল বের করে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলীর সভাপতিত্বে ও সেক্রেটার হাফেজ মাওলানা জাকির হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।

উপস্থিত ছিলেন পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ মনসুর, সহকারী সেক্রেটারি আবদুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশন ছাতক উপজেলার সভাপতি মিজানুর রহমান, পৌর সভাপতি মাওলানা নুরুল আমিন, ছাত্রশিবির নেতা তাজুল ইসলামসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। এর আগে বেলা ৪টার দিকে বিএনপির মিলন-মিজান বলয়ে পৃথক ভাবে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রিয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে ছাতক পৌর শহরে গণমিছিল বের করা হয়। এদিকে একই সময়ে কেন্দ্রিয় বিএনপির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজানের নেতৃত্বে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জে এক গণমিছিল বের করা হয়। বাদ যোহর মীর্জা মামুনের নেতৃত্বে ছাতক পৌর শহরে মিছিল বের করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে, বেলা আড়াইটার দিকে খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার উদ্যোগে ধারণবাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাওলানা আবুল হাসনাতের সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


