সরকারের ছয় মাসের কার্যক্রমে খুব একটা সন্তুষ্ট নন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, এ সময়ে ঢাকা নগরীর বর্জ্য ব্যবস্থাপনা, খাল ও লেক সংস্কার এবং রাস্তাঘাটের উন্নয়নে কাজ শুরু হয়েছে। তবে এসব কাজের সুফল মাঠপর্যায়ে দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে।
সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের সৌরবিদ্যুতের ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
সরকারের ছয় মাসের কার্যক্রমের মূল্যায়ন জানতে চাইলে মীর শাহে আলম বলেন, ‘ছয় মাস তো খুব কম সময়। আমরা এই সময় ঢাকা নগরীর ধরেন ময়লা, মানে ওয়েস্ট ম্যানেজমেন্ট (বর্জ্য ব্যবস্থাপনা) নিয়ে আমরা কাজ করছি। খালগুলো নিয়ে, লেকগুলো নিয়ে আমরা কাজ শুরু করেছি। রাস্তাঘাটের উন্নয়নের জন্য কাজ করেছি।’
বর্ষাকালে ঢাকার জলজট প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্ষাকালে এবার আমার মনে হয় যে পানি যেটি জলাবদ্ধতা ঠিক না, জলজট যেটা ছিল খুব কম সময় ছিল। এজন্য আমরা অবশ্য দুঃখ প্রকাশ করেছি। এখনো করছি, আমাদের সীমাবদ্ধতা আছে।’


