চট্টগ্রামে কাভার্ডভ্যানে প্রাইভেটকারে ধাক্কা বাবা-মেয়ে নিহত

উপজেলা প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মোহাম্মদ গোলাম সরোয়ার (৪০) ও তার মেয়ে মুসকান (৩)। তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ঠাকুরদিঘী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাজধানীর উত্তরা থেকে আসা একটি প্রাইভেটকার। এসময় ঘটনাস্থলে বাবা ও মেয়ে নিহত হন।

পরে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, ‘সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে বাবা-মেয়ে মারা যান। মরদেহ জোরারগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গোলাম সারোয়ারের স্ত্রী ও ছেলে সামান্য আহত হয়েছেন। তারা এখন মোটামুটি সুস্থ। বাকি দুজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধ২৮তম ব্রোকার হিসেবে কোয়ান্ট থেকে ওএমএস নিচ্ছে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
পরবর্তী নিবন্ধসবজির বাজার চড়া, দাম বেড়েছে মুরগির