গুমে নিখোঁজদের মধ্যে বিএনপির ৬৮ শতাংশ, জামায়াত-শিবিরের ২২ শতাংশ

নিউজ ডেস্ক

গুম কমিশনের কাছে জমা দেওয়া দেড় সহস্রাধিক গুমের মামলার অভিযোগের মধ্যে ২৮৭টি মৃত্যুর ঘটনা জোরপূর্বক গুমের সঙ্গে যুক্ত। এ মামলাগুলোর মধ্যে ২৫১ জন ভুক্তভোগী আর কখনো ফিরে আসেননি এবং তারা মৃত বলে ধারণা করা হয়।আরও ৩৬টি ক্ষেত্রে গুমের পর মরদেহ উদ্ধার করা হয়েছে- অনেক ক্ষেত্রে তথাকথিত ‘ক্রসফায়ার’ ঘটনার পর বা নদীতে গুলিবিদ্ধ অবস্থায়।

গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে কমিশনের সদস্যরা চূড়ান্ত রিপোর্ট তুলে দেন। এ সময় কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেনসহ উপদেষ্টা আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন।

সংখ্যাগত চিত্রের সংক্ষিপ্ত পর্যালোচনা

কমিশনের সংগৃহীত তথ্যের আলোকে বাংলাদেশে জোরপূর্বক গুমের প্রকৃতি, ব্যাপ্তি ও বিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। যাচাইকৃত অভিযোগ, পরবর্তী অনুসন্ধান, ভুক্তভোগীদের সাক্ষ্য এবং স্বাধীনভাবে সংগৃহীত প্রমাণের ভিত্তিতে এখানে তুলে ধরা হয়েছে- কোন কোন গোষ্ঠীকে লক্ষ্যবস্তু করা হয়েছে, কীভাবে ঘটনাগুলো সংঘটিত হয়েছে, কোন কোন প্রতিষ্ঠান এতে জড়িত ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিণতিতে কী ধরনের পরিবর্তন এসেছে। বিশ্লেষণ থেকে স্পষ্ট হয় যে, জোরপূর্বক গুম কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক মানবাধিকার লঙ্ঘন নয়; বরং এটি ছিল একটি কাঠামোবদ্ধ অনুশীলন, যা রাজনৈতিক চাপ, নিরাপত্তা অভিযান ও প্রাতিষ্ঠানিক অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে বিস্তৃত ও অভিযোজিত হয়েছে। সামগ্রিকভাবে উদ্ভূত এই ধরণগুলো জোরপূর্বক গুম ব্যবস্থার অন্তর্নিহিত যুক্তি ও কার্যপ্রণালীকে স্পষ্ট করে।

পূর্ববর্তী নিবন্ধভোররাতে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
পরবর্তী নিবন্ধমনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুরু আজ