খালেদা জিয়ার জানাজায় যোগ দিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

বুধবার (৩১ ডিসেম্বর) তিনি বাংলাদেশে পৌঁছাবেন বলে জানিয়েছে পাকিস্তান হাইকমিশন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মো. ফসিহ উল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জানাজায় যোগ দিতেই ইসহাক দারের এই সফর।

এর আগে খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পাশাপাশি গভীর শোক প্রকাশ করেন ইসহাক দার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষে শ্রদ্ধা জানাতে ঢাকা আসছেন তিনি। এছাড়া ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং মালদ্বীপের একজন মন্ত্রীও ঢাকায় আসবেন।

পূর্ববর্তী নিবন্ধ২ জানুয়ারির প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন জয়শঙ্কর